গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুরের রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর আয়োজনে এবং জীবন জীবিকা স্বেচ্ছাসেবী সংগঠন ও মো: নুর-এ-আলম সিদ্দিকী (নুর) প্রতিষ্ঠাতা: বিক্রমা্ট-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফটনার আইটি সলিউশনের চেয়ারম্যান মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি মো. আব্দুছ ছাত্তার পলাশী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস হোসেন, সহ-সভাপতি মো. মুক্তার হোসেন, লহ্মিপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, আব্দুল জলিল, মো. জাকির হোসেন, শিবু চন্দ্র গৌড়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি মিল্টন রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবিষয়ক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং গোহাটা জামে মসজিদের পুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
