গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত মানবিক সহায়তার আওতায় টাঙ্গাইলের গোপালপুরে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল মোর্শেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বক্তব্য রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের হাতে সরকারি বরাদ্দের মানবিক সহায়তা তুলে দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি মো. খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক মো. চান মিয়াসহ গোপালপুর পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের মধ্যে সরকারি বরাদ্দের নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন।