গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) ও অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার নবাব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক উপমন্ত্রী ও মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী (ভিপি), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চানমিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জোবায়েরুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, মাদরাসা শিক্ষক পরিষদের সম্পাদক গালিছুর রহমান মাছুম, মেহেরুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল ওয়াদুদ, ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। বিজয়ী ছাত্রী ফারিয়া জাহান মুনসহ অন্য বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এমপি বলেন, শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। জাতীয় শিক্ষা সপ্তাহের মতো আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভুমি) ও অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার নবাব আলী বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির উপস্থিতে পুরস্কার প্রদান করা হয়।