গোপালপুরে যুবলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) গোপালপুর থানা পুলিশ রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রংপুর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারের পর আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা গুলোর বিস্তারিত অভিযোগ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।